বেসরকারি মাদরাসার শিক্ষক ও কর্মচারীদের আসন্ন ঈদুল ফিতরের উৎসব ভাতার চেক নির্ধারিত ব্যাংকগুলোতে হস্তান্তর করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) অধিদপ্তরের অর্থ শাখা থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদপ্তরের আওতাভুক্ত বেসরকারি মাদরাসাগুলোর শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ৫০ শতাংশ হারে এই উৎসব ভাতা ছাড় করা হয়েছে। ভাতা বিতরণের জন্য মোট চারটি চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে চেকগুলো জমা দেওয়া হয়েছে।
এই অর্থ ছাড়ের ফলে আগামী ১৫ মার্চের পর থেকে বেসরকারি মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা তাদের নিজ নিজ ব্যাংক থেকে ঈদুল ফিতরের উৎসব ভাতার টাকা উত্তোলন করতে পারবেন।
ডিবিসি/এফএইচআর