সম্ভাব্য বোমা হামলার হুমকির জেরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তার সরকারি বাসভবন থেকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছিল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়রি) সন্ধ্যায় রাজধানী ক্যানবেরার পার্লামেন্ট হাউসের কাছে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবন 'দ্য লজ'-এ এই ঘটনা ঘটে। তবে নিবিড় তল্লাশির পর কোনো বিস্ফোরক বা হুমকিমূলক বস্তু না পাওয়ায় পরিস্থিতি নিরাপদ বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
অস্ট্রেলীয় ফেডারেল পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে একটি নিরাপত্তা হুমকির তথ্য পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রীকে তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। প্রায় তিন ঘণ্টা ধরে বাসভবন ও এর আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। সবদিক নিশ্চিত হওয়ার পর রাত ৯টার দিকে প্রধানমন্ত্রীকে পুনরায় তার বাসভবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সুরক্ষিত ওই স্থাপনায় বিস্তারিত অনুসন্ধানের পরও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি এবং বর্তমানে জনসাধারণের জন্য কোনো ধরনের ঝুঁকি নেই।
হুমকির এই ঘটনার পর বুধবার সকালেও লজের সামনে পুলিশের কয়েকটি গাড়ি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি দেখা যায়, তবে সেখানে আগের রাতের ঘটনার দৃশ্যমান কোনো আলামত ছিল না। এদিকে, ঘটনার পর প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পোষা কুকুর 'টোটো'র একটি ছবি পোস্ট করে স্বভাবসুলভ রসিকতা করেন। তিনি লেখেন, টোটো সতর্ক আছে, তবে সবকিছু ঠিক আছে। পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি তিনি পুলিশ বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করে তাদের ধন্যবাদ জানান এবং যারা তার খোঁজখবর নিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর বাসভবনে এমন হুমকির ঘটনাকে 'অত্যন্ত উদ্বেগজনক' ও 'অস্বাভাবিক' বলে আখ্যায়িত করেছেন দেশটির অর্থমন্ত্রী ক্যাটি গালাঘের। তিনি উল্লেখ করেন, অস্ট্রেলিয়ায় রাজনীতিবিদরা সাধারণত অত্যন্ত নিরাপদে জনসাধারণের সঙ্গে মেলামেশা করতে পারেন। তবে সাম্প্রতিক সময়ে এ ধরনের হুমকি ও উসকানিমূলক আচরণ বৃদ্ধি পাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সহিংসতার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; সবার মতো রাজনীতিবিদদেরও নিরাপদে কাজ করার অধিকার রয়েছে।
সূত্র: আনাদোলু
ডিবিসি/পিআরএএন