নগদ টাকার ব্যবহার কমাতে আজ বুধবার (১ জুলাই) থেকে দেশে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ‘বাংলা কিউআর’ ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে একটি মাত্র কিউআর কোডের মাধ্যমেই সব ধরনের গ্রাহক তাদের লেনদেন বা মূল্য পরিশোধ সম্পন্ন করতে পারবেন।
আগে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানের আলাদা আলাদা কিউআর কোড থাকায় গ্রাহকদের ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে নানা বিড়ম্বনায় পড়তে হতো। নতুন এই সমন্বিত পেমেন্ট ব্যবস্থার ফলে সেই সমস্যা আর থাকছে না। পাশাপাশি খুচরা টাকার সংকট, ছেঁড়াফাটা নোট এবং ভাঙতি টাকা ফেরত পাওয়ার মতো দৈনন্দিন ঝামেলা থেকেও গ্রাহক ও ব্যবসায়ীরা মুক্তি পাবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআর-এর মাধ্যমে ব্যাংক, মোবাইল ব্যাংকিংসহ অনুমোদিত সব পেমেন্ট সেবার গ্রাহকরা সহজেই মূল্য পরিশোধ করতে পারবেন। নগদ লেনদেন কমিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থাটি ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাচ্ছে।
ব্যাংকার ও বিশ্লেষকরা কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তারা জানিয়েছেন, এই উদ্যোগের পূর্ণাঙ্গ সফলতা পেতে প্রান্তিক ও উদ্যোক্তা পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি ডিজিটাল ডিভাইস আরও সহজলভ্য করতে হবে।
ডিবিসি/পিআরএএন