খেলাধুলা, ফুটবল

ব্রাজিলকে হারিয়ে টানা তৃতীয়বার দক্ষিণ আমেরিকার সেরা আর্জেন্টিনা

Mushfiqur Rahman

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৮ই আগস্ট ২০২৬ ১১:৪৮:০২ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ ফুটসালে আবারও শ্রেষ্ঠত্বের মুকুট উঠল আর্জেন্টিনার মাথায়। রোমাঞ্চকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকা অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা। এই জয়ে টানা তৃতীয়বারের মতো মহাদেশীয় প্রতিযোগিতাটির চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।

প্যারাগুয়ের লুকেতে কনমেবল সুমা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। শুরু থেকেই দুই দলের লড়াইয়ে ছিল তীব্র উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা।

 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটসাল খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধের অষ্টম মিনিটেই আসে প্রথম গোল। থমাস বারিউসের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

 

পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালায় ব্রাজিল। তবে প্রথমার্ধে আর্জেন্টিনার রক্ষণ ভাঙতে পারেনি তারা। ফলে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।

 

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাজিল এবং দ্রুতই তার ফল পায়। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে লুকার গোলে ১-১ সমতায় ফেরে সেলেসাওরা।

সমতায় ফেরার পর ম্যাচে উত্তেজনা আরও বেড়ে যায়। জয়সূচক গোলের খোঁজে দুই দলই মরিয়া হয়ে ওঠে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

 

সেখানেও চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোল করেন লরেঞ্জো সামপ্রেদ। তার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

 

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল। শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে টানা তৃতীয়বারের মতো কোপা আমেরিকা অনূর্ধ্ব-১৭ ফুটসালের শিরোপা নিশ্চিত করে তারা।

 

এই জয়ের মাধ্যমে বয়সভিত্তিক দক্ষিণ আমেরিকান ফুটসালে নিজেদের আধিপত্য আরও শক্ত করল আর্জেন্টিনা। টানা তিন আসরে চ্যাম্পিয়ন হয়ে শিরোপার হ্যাটট্রিকও পূর্ণ করল আলবিসেলেস্তেরা।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন