রাঙামাটির রাজবন বিহারে দানবাক্স চুরির চেষ্টাকালে এক যুবককে হাতেনাতে আটক করে বিহার কর্তৃপক্ষ। আটকের সময় ওই যুবকের পরনে ছিল ব্রাজিল জাতীয় ফুটবল দলের ১০ নম্বর জার্সি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পরে নিজের ভুল স্বীকার করে লিখিত মুচলেকা দেওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১১ জুন) ভোর ৬টার দিকে বিহারের ভিক্ষু সংঘ যখন পিণ্ড সকালের নাশতা গ্রহণ করায় ব্যস্ত ছিলেন, ঠিক সেই সুযোগে এই চুরির চেষ্টা চালানো হয়। আটক হওয়া ওই যুবকের নাম হৃদয় চাকমা। তাঁর বাড়ি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ২৪ মাইল কলেজের সামনের এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ভিক্ষুদের ব্যস্ততার সুযোগ কাজে লাগিয়ে হৃদয় চাকমা রাজবন বিহারের মূল মন্দির থেকে কাঠের তৈরি দানবাক্সটি নিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু বিষয়টি টের পেয়ে বিহারে উপস্থিত উপাসক-উপাসিকারা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন।
রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সদস্য স্নেহাশিস চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকের পর হৃদয় চাকমা নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলে অঙ্গীকার করেন। তাঁর এই লিখিত মুচলেকার ভিত্তিতেই তাঁকে শেষ পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে।
রাঙামাটির এই ঐতিহ্যবাহী বিহারে প্রতিদিন শত শত ভক্ত ও উপাসক-উপাসিকা ধর্মীয় কার্যাদি সম্পাদন করতে আসেন। ভক্তদের দেওয়া দানবাক্সের অর্থ দিয়েই মূলত বিহারের রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও যাবতীয় ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। দানবাক্স চুরির এই চেষ্টার পর এমন ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য বিহারের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
ডিবিসি/আরএসএল