খেলাধুলা, ফুটবল

ব্রাজিলের হেক্সা মিশনের শুরুতে বাধা মরক্কো

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২৫ সালের মে মাসে প্রথম বিদেশি কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিয়ে ইতিহাস রচনা করেছিল ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। ক্লাব পর্যায়ে তিন দশকের সফল ক্যারিয়ার শেষে আন্তর্জাতিক অঙ্গনে চ্যালেঞ্জ নেওয়া এই ইতালিয়ান কোচের অধীনেই হেক্সা মিশনের শুরুতে মাঠে নামছে সেলেসাওরা। আগামীকাল ফিফা র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ সপ্তম স্থানে থাকা আফ্রিকান চমক মরক্কো।

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল ১৯৩০ সালের উদ্বোধনী আসর থেকে প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়া একমাত্র দেশ। সর্বোচ্চ ১১৪ ম্যাচ খেলে ৭৪টিতে জয় ও সর্বাধিক ৫টি শিরোপা জেতা এই দলটি ২০০২ সালের পর থেকে শিরোপা খরায় ভুগছে। ১৯৭০ থেকে ১৯৯৪ সালের মতো এবারও তাদের ২৪ বছরের শিরোপা খরা চলছে।

 

কাকতালীয়ভাবে সেইবারও আমেরিকার মাটিতে খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ৪৮ দলের এবারের টুর্নামেন্টে টিকিট পেতে বেশ সংগ্রাম করতে হয়েছে তাদের। বাছাইপর্বে ১৮ ম্যাচে ৮ জয়, চার ড্র ও ছয় হারের পর পঞ্চম স্থানে থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পায় তারা। বলিভিয়ার কাছে ১-০ গোলে হার এবং জাপান ও ফ্রান্সের কাছে হারের পর আনচেলত্তির দল সবশেষ তিন ম্যাচে ক্রোয়েশিয়া, পানামা ও মিসরের বিপক্ষে দারুণ জয় পেয়েছে। আফ্রিকান দলগুলোর বিপক্ষে বরাবরই শক্তিশালী ব্রাজিল বিশ্বকাপে আট ম্যাচ খেলে সাতটিতেই জিতেছে।

 

অন্যদিকে, প্রথম আফ্রিকান দেশ হিসেবে গত বিশ্বকাপে সেমিফাইনালে খেলা মরক্কো এবারও অন্যতম 'ডার্ক হর্স' হিসেবে বিবেচিত হচ্ছে। সপ্তমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া দলটি ২০২৩ সালের শুরু থেকে ৪৫ ম্যাচ খেলে ৩৩টিতেই জয় পেয়েছে। ফিফা র‍্যাঙ্কিংয়ে তারা নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানির মতো দলের ওপরে অবস্থান করছে। সিএএফ বিশ্বকাপ বাছাইয়ে আট ম্যাচের সবগুলো জেতা মরক্কো সদ্য সমাপ্ত আফ্রিকান চ্যাম্পিয়নশিপের শিরোপাও ঘরে তুলেছে।

 

তবে বিশ্বকাপ শুরুর ১০০ দিনেরও কম সময় আগে কোচ ওয়ালিদ রেগরারুই পদত্যাগ করায় দলের দায়িত্ব নেন সাবেক অনূর্ধ্ব-২৩ দলের কোচ মোহাম্মদ উয়াভি। তার অধীনে পাঁচ ম্যাচে তিনটি জয় ও দুটি ড্র নিয়ে আত্মবিশ্বাসী মরক্কো। প্রথমবারের মতো টানা বিশ্বকাপে খেলতে নামা অ্যাটলাস লায়ন্সরা ২০২৩ সালের মার্চে শেষ প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারানোর সুখস্মৃতি নিয়েই কাল মাঠে নামবে। বিশ্বকাপ বেটিং সাইটগুলোর পূর্বাভাসেও সি গ্রুপে ব্রাজিলকে শক্তিশালী ফেভারিট ধরা হলেও, মরক্কোর সাম্প্রতিক ফর্ম দারুণ লড়াইয়ের আভাস দিচ্ছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন