ব্রাজিলীয় ফুটবলের দুই কিংবদন্তি রোনালদো নাজারিয়ো ও রবার্তো কার্লোস নতুন এক ক্লাবের মালিকানায় যুক্ত হয়েছেন। একটি বিনিয়োগকারী দলের অংশ হিসেবে তারা ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ইন্টার দে লিহেইরার ফুটবল কোম্পানির ৮০ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। ক্লাবটির সাধারণ সভায় বিশাল ব্যবধানে এই প্রস্তাব পাস হওয়ার পর চুক্তিটি চূড়ান্ত হয়। এর মাধ্যমে গঠিত নতুন ফুটবল যৌথ-কোম্পানিতে ক্লাবটির নিজস্ব অ্যাসোসিয়েশন বাকি ২০ শতাংশ শেয়ার ধরে রাখবে।
রোনালদো ও কার্লোসের সঙ্গে এই বিনিয়োগ দলে রয়েছেন ব্যবসায়ী এনরিকো আমব্রোগিনিসহ অন্যান্য বিনিয়োগকারীরা। ক্লাব সূত্রে জানা গেছে, আগামী ১০ বছরে দলটির পেছনে প্রায় ৪৫ কোটি ৪ লাখ ব্রাজিলিয়ান রিয়াল পর্যন্ত বিনিয়োগ করা হতে পারে, যা মূলত ক্লাবের সামগ্রিক উন্নতি ও লক্ষ্য অর্জনের ওপর নির্ভর করবে।
১১২ বছরের পুরোনো ক্লাব ইন্টার দে লিহেইরা অতীতে সাফল্য পেলেও বর্তমানে তারা ব্রাজিলের ঘরোয়া ফুটবলের তৃতীয় স্তরে রয়েছে। এই বিনিয়োগের মূল লক্ষ্য হলো দলটির আর্থিক ও কাঠামোগত পুনর্গঠন নিশ্চিত করে আগামীতে তাদের দেশটির শীর্ষ পর্যায়ে ফিরিয়ে নিয়ে যাওয়া। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ব্রাজিলের ক্লাবগুলোর করপোরেট বা যৌথ-কোম্পানিতে রূপান্তরের যে জোয়ার চলছে, এটি তারই একটি অংশ, যার মাধ্যমে ক্লাবগুলোতে ব্যক্তিগত পুঁজি বিনিয়োগ ও উন্নত পরিকাঠামো গড়ে তোলার সুযোগ তৈরি হচ্ছে।
সূত্র: গোল ডট কম
ডিবিসি/এসভিএন