ব্রাজিলের একটি চিড়িয়াখানায় এক কিশোর ছয় মিটার উঁচু প্রাচীর ও নিরাপত্তা বেড়া টপকে একটি গাছের ওপর দিয়ে সিংহের খাঁচার ভেতর প্রবেশ করার পর সিংহীর আক্রমণে মর্মান্তিকভাবে মারা গেছেন। এই ভয়ঙ্কর দৃশ্য চিড়িয়াখানার দর্শকদের সামনেই ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গার্সন ডি মেলো মাচাদো নামে ১৯ বছর বয়সী ওই কিশোরের মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল এবং যাঁরা তাঁকে চিনতেন, তাঁদের মতে তিনি সিংহ প্রশিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেন।
ব্রাজিলের উত্তর-পূর্ব উপকূলীয় শহর জোয়াও পেসোয়ার পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, মাচাদো রবিবার সকালে আরাউডা কামারা জুওবোটানিক্যাল পার্কে উদ্দেশ্যমূলকভাবে সিংহীর খাঁচায় ঢুকেছিলেন।
হামলার ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, সিংহী দর্শনার্থীদের থেকে তাকে আলাদা করে রাখা কাঁচের পাশে শুয়ে ছিল। কিশোরটি গাছ বেয়ে নামতেই দর্শকরা আতঙ্কে চিৎকার করে ওঠেন।
কিশোরটি নিচে নামার সাথে সাথেই সিংহীটি দ্রুত তার দিকে ধেয়ে যায় এবং তাকে টেনে নিচে নামিয়ে আনে। ভিডিওতে ঝোপঝাড় নড়তে দেখা যায়, এবং কিশোরটি একবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেও পরে দৃষ্টির আড়ালে চলে যায়।
দর্শকদের বলতে শোনা যায়, ও তাকে ধরে ফেলেছে। ও তাকে ধরে ফেলেছে, সঙ্গে ওহ মাই গড! বলে চিৎকার।
জোয়াও পেসোয়া আইনি মেডিকেল ইনস্টিটিউটের প্রধান ফ্ল্যাভিও ফ্যাব্রেস জানিয়েছেন, হাতের ছাপের মাধ্যমে মাচাদোর পরিচয় নিশ্চিত করা হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে তিনি গলার রক্তনালীগলোতে আঘাতের কারণে রক্তপাত বলে উল্লেখ করেন।
পার্কের পশুচিকিৎসক থিয়াগো নেরি খাঁচার নিরাপত্তা মানকে সমর্থন করে বলেন যে ঘটনাটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত।
পৌর কর্তৃপক্ষ এবং পার্কের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার পর চিড়িয়াখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সোমবার রাজ্য পরিবেশ কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তথ্যসূত্র সাউথ চায়না মর্নিং পোস্ট
ডিবিসি/এমইউএ