আন্তর্জাতিক

ব্রাজিলে ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইসে টানা ভারি বৃষ্টিপাতের জেরে সৃষ্ট ভয়াবহ বন্যা ও অন্তত ২০টি ভূমিধসের ঘটনায় কমপক্ষে ২৩ জনের প্রাণহানি ঘটেছে। ধ্বংসস্তূপ ও কাদার নিচে এখনো নিখোঁজ রয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে দুর্যোগ-প্রশিক্ষিত কুকুর ও জরুরি উদ্ধারকর্মীরা দিনরাত এক করে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রিও ডি জেনিরো থেকে ৩১০ কিলোমিটার উত্তরের শহর জুইজ ডি ফোরায়, যেখানে অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে, পার্শ্ববর্তী উবা শহরেও প্রাণ হারিয়েছেন কমপক্ষে সাতজন।

 

হঠাৎ ফুলে-ফেঁপে ওঠা নদীর পানি গতিপথ পাল্টে নতুন নতুন এলাকা প্লাবিত করায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এর ফলে অন্তত ৪৪০ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। জুইজ ডি ফোরার মেয়র মার্গারিডা সালোমাও জানিয়েছেন, মাত্র চার ঘণ্টার ব্যবধানে ১৮০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে, যা তার প্রশাসনের দেখা সবচেয়ে মর্মান্তিক দিন। রাতের বেলা মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় বেশিরভাগ মানুষই ঘরের ভেতর আটকা পড়েন বলে জানান ফায়ার ব্রিগেডের মেজর ডেমেট্রিয়াস গৌলার্ট। তবে টানা দুই ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার সকালে ধ্বংসস্তূপের নিচ থেকে এক শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা।

 

স্বজনদের খোঁজে দুর্ঘটনাস্থলে ভিড় করছেন সাধারণ মানুষ। ৪৪ বছর বয়সী স্থানীয় বাসিন্দা লিভিয়া রোজা জানান, তার পরিবারের কয়েকজন সদস্য কাদার নিচে চাপা পড়েছেন এবং অলৌকিক কিছুর আশায় তারা গত রাত থেকেই সেখানে অপেক্ষা করছেন। পরিস্থিতি সামাল দিতে জুইজ ডি ফোরাতে ১০৮ জন এবং উবাতে ২৮ জন ফায়ার সার্ভিস সদস্য মোতায়েন করা হয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিউ লুলা দা সিলভা ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদান, জরুরি পরিষেবা চালু এবং পুনর্বাসনে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন এই বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে, যা উদ্ধার তৎপরতাকে আরও কঠিন করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন