ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে গাছের মগডালে গাঁজা এবং মাটির নিচে বিদেশি মদ লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় খোকন ভূঁইয়া (৫১) নামের এক অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ইকরতলী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল খোকন ভূঁইয়ার বাড়িতে অভিযান চালায়। ব্যাপক তল্লাশিকালে তার বসতবাড়ির পেছনের একটি লিচু বাগান এবং বাড়ির উঠান থেকে বিস্ময়করভাবে লুকিয়ে রাখা এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিনব পন্থায় গাছের মগডালে লুকিয়ে রাখা ২ কেজি গাঁজা এবং মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৭ বোতল বিদেশি মদ, ৬ বোতল স্কফ সিরাপ ও ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত আলামত জব্দ করে অভিযুক্ত খোকন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোকন ইকরতলী গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত হান্নান ভূঁইয়ার ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ এই সফল অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিজয়নগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার (৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে ওসি আরও জানান, সীমান্তবর্তী এলাকাসহ বিজয়নগরের বিভিন্ন স্পটে মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
ডিবিসি/পিআরএএন