ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা দুটি মামলার এজাহারভুক্ত আসামি এবং উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ দর্পন ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) রাতে বিজয়নগর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে উপজেলার এক্তারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দর্পন ভূইয়া এক্তারপুর গ্রামের সারোয়ার রহমান ভূইয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে এক্তারপুর এলাকা থেকে দর্পন ভূইয়াকে আটক করা হয় এবং পরবর্তীতে তথ্য যাচাই-বাছাই শেষে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
থানা সূত্র নিশ্চিত করেছে যে, দর্পন ভূইয়া বিজয়নগর থানায় গত ২৭ আগস্ট (২০২৪) দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, গুরুতর জখম, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া একই বছরের ১৭ নভেম্বর দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের অপর একটি মামলাতেও তিনি এজাহারভুক্ত আসামি হিসেবে তালিকাভুক্ত ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই মামলার এই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ডিবিসি/পিআরএএন