ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে চার কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০ মে) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন, গলানিয়া গ্রামের মমসার (১৮), উত্তর গলানিয়া পশ্চিমপাড়ার ইমাম হোসেন (১৫), হৃদয় মিয়া (১৫) এবং ধর্মতীর্থ গ্রামের আরমান (১৪)।সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ জানান, খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের কাজ শুরু করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন বন্ধ থাকা সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের সন্ধ্যা সাড়ে ৬টায় জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহায়তা করছে এবং নিহতদের লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/টিবিএ