জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের জমি নিয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নাজিমুদ্দিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ৫৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর বাজার সংলগ্ন নাসিরনগর-সরাইল-লাখাই আঞ্চলিক মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িশ্বর গ্রামের নয়াবাড়ির ফজুল হক ও ডায়লা বাড়ির আব্দুল আওয়ালের মধ্যে একটি পুকুরের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে মামলা দায়ের করেন আব্দুল আওয়ালের লোকজন। শুক্রবার সকালে ফজুল হকের পক্ষ থেকে পুকুরে তাদের অংশ রয়েছে বলে দাবি তোলা হয়। দুপুরে জুমার নামাজ শেষে ফজুল হকের লোকজন পুকুরপাড়ে গেলে আব্দুল আওয়ালের লোকজনও সেখানে উপস্থিত হন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় এবং তা দ্রুত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

 

সংঘর্ষ চলাকালে মাথায় টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন নাজিমুদ্দিন। স্বজনরা দ্রুত উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের নারী ও শিশুসহ প্রায় ৫৫ জন আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। আব্দুল আওয়ালের পক্ষের আহতদের মধ্যে রহিছ মিয়া, তাউস মিয়া ও কালন মিয়াসহ ২৮ জনের পরিচয় পাওয়া গেছে। তবে নাজিমুদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ফজুল হকের পক্ষের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের পক্ষের আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এতে একজন নিহত হয়েছেন। নাসিরনগর থানার এসআই জাহান জানান, হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ তৎপর রয়েছে।
 

 ডিবিসি/হাদী

আরও পড়ুন