জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে আটক দুই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভুয়া অ্যাডমিট কার্ড (প্রবেশপত্র) ব্যবহার করে এইচএসসি পরীক্ষা দিতে এসে এক নারী পরীক্ষার্থী ও তার সহযোগীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে কসবা তফাজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন-কসবা মহিলা কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান (১৮) এবং তার ফুফাতো ভাই ইনজামুল হক (১৯)।

 

পরীক্ষা কেন্দ্র সূত্র জানায়, কসবা মহিলা কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান চলতি এইচএসসি-২০২৬ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তার ফুফাতো ভাই ইনজামুলের সহযোগিতায় একটি ভুয়া অ্যাডমিট কার্ড তৈরি করেন। বৃহস্পতিবার সকালে ওই কার্ড নিয়ে তিনি পরীক্ষা দিতে তফাজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে আসেন।

 

পরীক্ষা শুরুর আগে নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড যাচাই-বাছাই করছিলেন কর্তব্যরত কর্মকর্তারা। এ সময় তাসফিয়ার কার্ডে উল্লেখিত কোড নম্বর ও পরীক্ষার বিষয়ের সঙ্গে বাস্তব তথ্যের মিল না থাকায় কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে গভীরভাবে যাচাই-বাছাই শেষে কার্ডটি যে সম্পূর্ণ ভুয়া, তা নিশ্চিত করেন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তফাজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।

 

এ বিষয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তফাজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেন, ‘অ্যাডমিট কার্ড যাচাইয়ের সময় কোড নম্বর ও পরীক্ষার বিষয় মিল না থাকায় আমরা বিষয়টি নিশ্চিত হই। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সাথে সাথেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়।’

 

ঘটনার পরপরই আটক দুজনকে কেন্দ্রের অধ্যক্ষের কার্যালয়ে আটকে রাখা হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভুয়া অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে এসে তারা আটক হয়েছে। প্রশাসন তাদের নিজ হেফাজতে নিয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

 

ডিবিসি/ এমএনকে

আরও পড়ুন