ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কবর খননের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের কবরস্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্রামের মরহুম মতি সরকারের স্ত্রীর দাফনের জন্য কবর প্রস্তুতের কাজ চলছিল। এ সময় কবর ঢাকার কাজে ব্যবহৃত স্টেইনলেস স্টিলের (এসএস) একটি শিল্ড সরানোর চেষ্টা করেন কয়েকজন। একপর্যায়ে শিল্ডটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তা বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন।
নিহতরা হলেন- নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আতিক আকরাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কবরস্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/এইচএপি