ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক জামাল মিয়া (৩২) নিহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া ব্র্যাক অফিসের প্রায় ১০০ গজ পূর্ব পাশে শ্মশানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল মিয়া সরাইল উপজেলার কানিউচ্চ গ্রামের মন মিয়ার ছেলে।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-থ-১১-৮০৭৪ নম্বরের একটি সিএনজি অটোরিকশাকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দেয়। এতে সিএনজিটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় সিএনজির চালক জামাল মিয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর তাঁর দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে।
দুর্ঘটনার পর বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
অজ্ঞাতনামা গাড়িটি শনাক্ত ও দুর্ঘটনার সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে।
ডিবিসি/এসডব্লিউএন