ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে ইসমাঈল মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাঈল মিয়া ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার বড় ছেলে। অভিযুক্ত আলকাছ মিয়া নিহতের আপন ছোট ভাই।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে ইসমাঈল ও আলকাছ এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে এই বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ছোট ভাই আলকাছ মিয়ার লাঠির আঘাতে ইসমাঈল মিয়া গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, নিহত ইসমাঈল মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং তার হৃদযন্ত্রে রিং বসানো ছিল।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
ডিবিসি/এএমটি