জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার সাগরদীঘির পশ্চিম পাড় ও পূর্ব পাড়ের বাসিন্দাদের মধ্যে এই সংঘাতের সূত্রপাত হয়। রাতের আঁধারে হাতে টর্চলাইট এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়লে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খেলাধুলা নিয়ে সামান্য কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতি থেকে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। রাতের অন্ধকারে হামলাকারীরা একে অপরকে লক্ষ্য করে আক্রমণ চালাতে টর্চলাইটের আলো ব্যবহার করে। এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে আহতদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

সংঘর্ষের পর থেকে সাগরদীঘি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি আরও অবনতি হওয়ার শঙ্কায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা চালাচ্ছেন। খবর পেয়ে সরাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে এই সংঘর্ষের বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন