ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডিজেলে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহ করার অপরাধে একটি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (১০ জুন) দুপুরে উপজেলার কুটি-চৌমুহনী এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
আদালত সূত্রে জানা যায়, দুপুরে কুটি-চৌমুহনী এলাকার মেসার্স ড্রাইভার ভিউ ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ফিলিং স্টেশনটির অকটেন, পেট্রোল ও ডিজেল পাম্পের পরিমাপ পরীক্ষা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক মো. সামস তাবরেজ।
পরীক্ষায় দেখা যায়, ডিজেল পাম্পে প্রতি লিটারে নির্ধারিত সহনীয় সীমার চেয়ে কম জ্বালানি সরবরাহ করা হচ্ছিল, যার মাধ্যমে ভোক্তারা দীর্ঘদিন ধরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আসছিলেন। এই অনিয়মের প্রমাণ পাওয়ার পর সংশ্লিষ্ট ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। অভিযান শেষে তিনি জানান, ভোক্তাদের ন্যায্য অধিকার সংরক্ষণ এবং জ্বালানি বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনিয়মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।
ডিবিসি/টিবিএ