বাংলাদেশ, জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই মে ২০২৬ ০৭:৪৫:১৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার পৃথক দুটি স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে জেলা শহরের তিতাস নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের এবং সরাইল উপজেলায় নিখোঁজের একদিন পর আবেদ আলী (২৫) নামের অন্য আরেক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (১৮ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কারখানা ঘাট এলাকায় তিতাস নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর উদ্যোগে অজ্ঞাত এই যুবকের মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


অন্যদিকে, একই দিন বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল-রাজাপুর সড়কের পাশের একটি জমির ডোবার কিনারা থেকে আবেদ আলী (২৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আবেদ আলী পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের মৃত মতি মিয়ার ছেলে। তিনি অরুয়াইল বাজারের একটি মরিচের মিলে চাকরি করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।


অতিরিক্ত পুলিশ সুপার ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা সদর ও সরাইল উপজেলা থেকে পৃথক দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিতাস নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহের বিষয়টি নৌ পুলিশ তদন্ত করছে। আর সরাইলের ঘটনায় থানা পুলিশ ইতিমধ্যে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। সম্ভাব্য সব বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন