ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারসহ দুইজনের নাম উল্লেখ করে নবীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) রাতে ভুক্তভোগী উপ-সহকারী প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অভিযুক্তরা হলেন- ঠিকাদার লোকমান হোসেন ও তার গাড়িচালক বিপ্লব হোসেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার শিবপুর থেকে মেরকুটা পর্যন্ত সড়কে বর্তমানে রিটেইনিং ওয়াল নির্মাণের কাজ চলছে। মেসার্স লোকমান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি বাস্তবায়ন করছে। তবে কাজের শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল।
সোমবার দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শনে যান উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম। এ সময় তিনি কাজের ত্রুটি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের সত্যতা পেয়ে আপত্তি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার লোকমান হোসেন ও তার সহযোগীরা প্রকৌশলীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঠিকাদার ও তার চালক তাকে মারধরের উদ্দেশ্যে বাঁশ নিয়ে তাড়া করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, প্রকৌশলীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলাটি গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযানসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে সরকারি কাজে বাধা ও প্রকৌশলীকে লাঞ্ছিত করার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ডিবিসি/এসএফএল