সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় বালুর গাড়ি পার্কিং নিয়ে বিরোধে ২ জনকে কুপিয়ে জখম, বিচারের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ডিবিসি নিউজ

বুধবার ১৯শে আগস্ট ২০২৬ ০৮:১২:৫৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুর গাড়ি পার্কিং ও চলাচলকে কেন্দ্র করে বিরোধের জেরে দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতদের মধ্যে দুইজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

অভিযোগ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট বিকেলে বিজয়নগর উপজেলার কেনা এলাকার একটি বাড়ির পাশে রাস্তা দিয়ে ছোট ট্রাকে বালু নেওয়ার সময় কয়েকজন বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা বাদী মো. মেহেদী হাসান ও তার চাচাতো ভাইসহ স্বজনদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।

 

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা রামদা, দা ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় মেহেদী হাসানের মাথায় কোপ দেওয়া হলে তিনি গুরুতর আহত হন। এছাড়া তার চাচাতো ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে কোপ ও আঘাত করা হয়। হামলায় আরও কয়েকজন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত দুইজনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তারা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

 

এ ঘটনায় মো. মেহেদী হাসান বাদী হয়ে বিজয়নগর থানায় মামলা করেছেন। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এজাহারে তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও গুরুতর জখমসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

 

এদিকে ঘটনার প্রতিবাদে এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।

 

স্থানীয়দের দাবি, বালুর গাড়ি চলাচল ও পার্কিংকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এমন হামলার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপেরও দাবি জানান তারা।


এ ঘটনায় বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, এ ঘটনায় আমরা একটি লিখিত আরজি পেয়েছি এবং মামলা গ্রহণ করেছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন