জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় বিলে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিলে মাছ ধরার ইজারা বা ‘পাটি’ নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খাদিম মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত এবং অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজার এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলে মাছ ধরার পাটি নিয়ে সরাইলের দুরন্তি ও সূর্যকান্দি গ্রামের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। রোববার রাতে এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা চরম আকার ধারণ করে এবং উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দুরন্তি গ্রামের বাসিন্দা খাদিম মিয়া গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে ওই হাসপাতালেই রাখা হয়েছে।

 

এই ভয়াবহ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পঞ্চাশজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে আজিম মিয়া, ফারুক মিয়া, আশরাফুল, মোশাররফ মিয়া, জোনায়েদ ও চান মিয়ার নাম প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পরপরই কালিকচ্ছ বাজার এলাকায় থেমে থেমে উত্তেজনা ও মারামারির সৃষ্টি হয়। এ সময় সুযোগ বুঝে দুর্বৃত্তরা বাজারের কয়েকটি দোকানে লুটপাট চালায় বলেও পুলিশ জানিয়েছে। নতুন করে ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের আশঙ্কায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ওবায়দুর রহমান জানান, মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যুর খবর তারা নিশ্চিত হয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নতুন করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
 

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন