জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে দেশীয় অস্ত্রের আঘাতে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জেরে এক ফার্নিচার ব্যবসায়ীর দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত ব্যাংক কর্মকর্তা মো. আরিফুল ইসলাম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত আরিফুল উত্তরা ব্যাংক পিএলসির কসবার গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

 

নিহত আরিফুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। অন্যদিকে, অভিযুক্ত হামলাকারী আলী হোসেন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নোয়ামুড়া গ্রামের যোহর আলীর ছেলে এবং স্থানীয় বাজারের একজন ফার্নিচার ব্যবসায়ী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কসবা উপজেলার গোপীনাথপুর বাজারের গ্রিন হেলথ হাসপাতালের সামনে আরিফুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায় আলী হোসেন। পূর্ব বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে ব্যাংক কর্মকর্তার মাথা ও ঘাড়ে উপর্যুপরি আঘাত করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় সে।

 

হামলার পরপরই স্থানীয় লোকজন ও ব্যাংকের সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় আরিফুল ইসলামকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব বিরোধের জেরেই এই জঘন্য হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আলী হোসেন পলাতক রয়েছেন। তাকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দলের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।’

 

এই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাদের মাঝে শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন