ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় রিমন (২২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দড়িয়াদৌল ইউনিয়নের উলুকান্দি এলাকায় অবস্থিত বাঞ্ছারামপুর সরকারি কলেজ মাঠ সংলগ্ন সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিমন জেলার নবীনগর উপজেলার থোল্লাকান্দি গ্রামের ফুরকান মিয়ার ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কলেজ মাঠের পাশের সড়কে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।
ঘটনা তদন্তে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও এর সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/এসএফএল