ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে আটক করেছে র্যাব-৯। আজ মঙ্গলবার (১২ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে একটি রামদা, একটি চাকু ও দুটি লোহার রড উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, খাগাতুয়া গ্রামের আব্দুল কাদের (৬২), মো. রাহিম (২০), আব্দুর রহমান ওরফে অপু মিয়া (১৮), মো. নুর আলম (১৬) এবং ছানোয়ারা (৪৮)। র্যাব-৯ সূত্রে জানা গেছে, গত সোমবার (১১ মে) বিকেল ৪টার দিকে র্যাব-৯, সিপিসি-১-এর একটি গোয়েন্দা দল তথ্য সংগ্রহের জন্য নবীনগর হয়ে বাঞ্ছারামপুর যাচ্ছিল।
পথে খাগাতুয়া এলাকায় পৌঁছালে চিহ্নিত ডাকাত শফিক ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে র্যাব সদস্যদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন র্যাব সদস্য আহত হন। পরবর্তীতে র্যাবের অন্য একটি দল স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করে।
এই ঘটনার পর অপরাধীদের শনাক্তে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে পরিচালিত অভিযানে ওই পাঁচজনকে আটক করা হয়। র্যাবের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা প্রদানের মতো অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিবিিস/টিবিএ