আসামি ধরতে গিয়ে

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের ওপর হামলা; ৩ সদস্যকে ৪ ঘণ্টা পর উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একাধিক মামলার এক চিহ্নিত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। এ সময় র‍্যাবের তিন সদস্যকে মারধর করে প্রায় চার ঘণ্টা একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

সোমবার (১১ মে) দুপুর ২টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে।


র‍্যাব সূত্র জানায়, র‍্যাব-৯, সিপিসি-১-এর একটি বিশেষ গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার আসামি সফিক মিয়া ওরফে চোরা সফিককে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। সফিক উপজেলার খাগাতুয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে। অভিযান চলাকালে সফিক ও তার সহযোগীরা র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে এক সদস্যের মাথায় গুরুতর আঘাত লাগে এবং আরও দুজন হাতে জখম হন।


হামলা চলাকালে সার্জেন্ট ফারুক ঘটনাস্থল থেকে সরে যেতে সক্ষম হলেও হাবিলদার এ কে এম রাশেদ মোশারফ (বিজিবি), কনস্টেবল কাজল মিয়া ও কনস্টেবল আব্দুল মালেককে আটকে ফেলে দুর্বৃত্তরা। তাদের মারধর করে চার ঘণ্টা একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে অতিরিক্ত ফোর্স পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়।


অভিযুক্ত সফিক মিয়া এলাকার চিহ্নিত অপরাধী। এর আগেও অন্তত দুইবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন