বাংলাদেশ, জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ১২০ কেজি গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে এক বিশেষ অভিযানে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার পূর্ব পাশে এই অভিযান পরিচালনা করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কালো রঙের নোহা গাড়িও এ সময় জব্দ করা হয়েছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মহাসড়কের ওই চেকপোস্টে তল্লাশি জোরদার করে। সন্দেহভাজন নোহা গাড়িটি থামিয়ে তল্লাশিকালে সিটের নিচে অত্যন্ত অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, দিনাজপুর জেলার কোতোয়ালী উপজেলার বিভীষণ গ্রামের মো. নূরে আলম এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলার তরিকুল ইসলাম রাজন।

 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা ঢাকায় পাচার করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতেই এই সফল অভিযান চালানো হয়। 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন