জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা-মদ ও কফি জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ৫ই জুন ২০২৬ ০৪:১৬:৩৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা, ৯৭ বোতল ভারতীয় মদ এবং ৪২৩ কেজি ভারতীয় কফি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ জুন) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিজিবির বিষ্ণুপুর বিওপির একটি টহল দল বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ২০ কেজি গাঁজা ও ৯৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।


সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। এগুলো পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে সংরক্ষণের প্রক্রিয়া চলছে।


এদিকে আজ শুক্রবার ভোর ৪টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় পৃথক আরেকটি অভিযান চালায় বিজিবি। সেই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪২৩ কেজি ভারতীয় কফি জব্দ করা হয়। জব্দকৃত এই কফির আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। বিজিবি জানিয়েছে, কফিগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন