চীনের বেইজিংয়ে অবস্থিত ঐতিহাসিক গ্রেট হলে দেশটির প্রিমিয়ার বা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীনের স্থানীয় সময় বিকেল পাঁচটায় অনুষ্ঠিত এই ঐতিহাসিক বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে মোট ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা, বাণিজ্য ও বিনিয়োগসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে, বাংলাদেশ ব্রিকসে যুক্ত হওয়ার বিষয়ে চীন ইতিবাচক ভূমিকা রাখবে বলে বৈঠকে আশ্বস্ত করেছে।
ব্রিকস হলো উদীয়মান অর্থনীতির পাঁচটি দেশ, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং সাউথ আফ্রিকার প্রথম অক্ষরের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী জোট, যা ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত হওয়ার আগে ‘ব্রিক’ নামে পরিচিত ছিল।
বৈঠকের বিস্তারিত তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকা তিস্তা প্রজেক্টের মহাপরিকল্পনার প্ল্যানিং স্টেজ থেকে শুরু করে যেখানে প্রয়োজন, সেখানেই চীন বাংলাদেশকে টেকনিক্যাল সাপোর্ট প্রদান করবে। এত বড় একটি প্রজেক্টের জয়েন্ট ফিজিব্যালিটি স্টাডির ক্ষেত্রে বেইজিং বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এর পাশাপাশি দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রেও প্রয়োজনে চীন সহযোগিতা করবে বলে জানিয়েছে। এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে কোনো সংলাপ বা ডায়ালগের প্রয়োজন হলে চীন তাতে মধ্যস্থতা বা ফ্যাসিলিটেট করতে চায় বলে বৈঠকে আলোচনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সড়ক ও টানেলসহ বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও বৈঠকে দ্বিপাক্ষিক সম্মতি প্রকাশ পেয়েছে।
ডিবিসি/এফএইচআর