বিবিধ

ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পরিবহন খাতে নারী চালক তৈরিতে উন্নতমানের প্রশিক্ষণ ও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে ব্র্যাক ড্রাইভিং স্কুলে সফল প্রশিক্ষণ শেষ করা ১০ জন নারীর হাতে পেশাদার চালকের সনদ তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘চালকের আসনে নারী: সাফল্য উদযাপন, সড়ক নিরাপত্তা বৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক পরিবহন খাত’ শীর্ষক এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সনদ বিতরণ করা হয়। ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি আয়োজিত এই অনুষ্ঠানে পরিবহন খাত সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

 

সনদপ্রাপ্ত এই নারীরা ব্র্যাক ড্রাইভিং স্কুলে তিন মাসের নিবিড় আবাসিক প্রশিক্ষণ গ্রহণ করেন। আধুনিক প্রযুক্তিগত সুবিধাসম্পন্ন এই প্রশিক্ষণে তাত্ত্বিক ও হাতে-কলমে গাড়ি চালনার পাশাপাশি ইংরেজি ভাষায় যোগাযোগ এবং জেন্ডার ও সুরক্ষা বিষয়ক সচেতনতা শেখানো হয়। এ নিয়ে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ১৫৯ জন নারীকে পেশাদার চালক হিসেবে প্রস্তুত করেছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, সামাজিক বাধা ও প্রচলিত ধারণার কারণে পরিবহন খাতে নারীদের উপস্থিতি দীর্ঘদিন সীমিত ছিল। তবে বর্তমান সরকার প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা ও গণপরিবহন আধুনিকায়নের পাশাপাশি নারী চালকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। তিনি সরকারের সহযোগী হিসেবে নারী চালকদের কর্মসংস্থানে ব্র্যাকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য আন্না মিনজ বলেন, সমাজ এখনো নারীদের গণপরিবহন চালানোর বিষয়টি সহজে মেনে নিতে প্রস্তুত নয়। এছাড়া জনপরিসরে নারীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধাও অপ্রতুল। তবে সরকারের বিশেষ গণপরিবহন পরিকল্পনায় এই নারীরা বড় ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আরেক বিশেষ অতিথি বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান জানান, যোগ্য নারী চালকেরা যাতে সহজে লাইসেন্স পান, সে বিষয়ে বিআরটিএ সর্বোচ্চ সহায়তা করবে এবং লাইসেন্সিং প্রক্রিয়াকে আরও নারীবান্ধব করতে কাজ চলছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ। তিনি বলেন, দক্ষ নারী চালকদের জন্য দেশ ও দেশের বাইরে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। ড্রাইভিংয়ের পাশাপাশি নার্সিং বা কেয়ারগিভিং দক্ষতা যুক্ত করা গেলে নারীরা আন্তর্জাতিক শ্রমবাজারের বহুমুখী চাহিদার সঙ্গে সহজে খাপ খাইয়ে নিতে পারবেন। অনুষ্ঠানে নারী চালকদের প্রশিক্ষণের বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন