খেলাধুলা, ক্রিকেট

বড় জয়ে এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়তে না পারলেও বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ইন্দোনেশিয়াকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

সোমবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৯ রান তোলে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের বোলিং তোপে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় প্রথমবার এশিয়া কাপে অংশ নেওয়া ইন্দোনেশিয়া।

 

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বচ্ছন্দ ছিল না বাংলাদেশ। তৃতীয় ওভারে ৭ বলে ৮ রান করে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা।

দ্বিতীয় উইকেটে দিলারা আক্তার দোলা ও সোবহানা মোস্তারি ৪৩ বলে ৪০ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন। ৩১ বলে ৪ চারে ২৭ রান করে আউট হন দিলারা।

 

এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে সঙ্গে নিয়ে ২৬ বলে ২৬ রান যোগ করেন সোবহানা। জ্যোতি ১১ বলে ১০ রান করে ফেরেন। সোবহানার ব্যাট থেকে আসে ৪২ বলে ৪০ রান, যেখানে ছিল ২টি চার ও ১টি ছক্কা।

 

শেষদিকে বাংলাদেশের ইনিংসে গতি আনেন স্বর্ণা আক্তার। ১৮ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩১ রানের কার্যকর ইনিংস খেলে দলকে ১২৯ রানের লড়াকু সংগ্রহ এনে দেন তিনি।

 

ইন্দোনেশিয়ার হয়ে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন অফ স্পিনার নি কাদেক আরিয়ানি।

 

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে ইন্দোনেশিয়া। পাওয়ার প্লের মধ্যেই দুই ব্যাটারকে ফিরিয়ে দেন মারুফা আক্তার। এরপর বাংলাদেশের স্পিনাররা ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেন।

 

সানজিদা আক্তার মেঘলা, নাহিদা আক্তার ও ফাহিমা খাতুনের স্পিনের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইন্দোনেশিয়া। শেষ পর্যন্ত ৫৮ রানেই থামে তাদের ইনিংস।

 

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন নাহিদা। মারুফা ৩ ওভারে ১ মেডেনসহ মাত্র ৬ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। মেঘলা ও ফাহিমা নেন একটি করে উইকেট।

 

ইন্দোনেশিয়ার হয়ে সর্বোচ্চ ১২ রান করেন মারিয়া করাজোন। দলের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

 

আগামী রোববার একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে বাংলাদেশ।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন