পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে বড় ব্যবধানে পরাজিত হলেন বিদায়ী মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
শুভেন্দু অধিকারী এবার ভবানীপুর ও নন্দীগ্রাম, উভয় আসনেই প্রার্থী হয়েছিলেন এবং দুটিতেই জয়ী হয়ে চমক দেখিয়েছেন। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় এবার মাত্র একটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেখানে হেরে যাওয়ায় তাঁর এবারের বিধানসভায় যাওয়ার পথ বন্ধ হয়ে গেল।
সোমবার দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভবানীপুর আসনের ভোট গণনা চলাকালে গণনাকেন্দ্রে উপস্থিত হয়েছিলেন মমতা। গণনা শুরুর একপর্যায়ে তিনি শুভেন্দু অধিকারীর চেয়ে পিছিয়ে পড়লে কেন্দ্র থেকে বেরিয়ে এসে গণমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানান। মমতা অভিযোগ করেন, এবারের নির্বাচনে ১০০টিরও বেশি আসন লুট করা হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি দলীয় কর্মী ও কাউন্টিং এজেন্টদের ধৈর্য ধরার আহ্বান জানান।
বিকেল নাগাদ গণনাকেন্দ্র ত্যাগ করার সময় মমতা দাবি করেন, ‘সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, গণনা অনেক বাকি। জয় আমাদেরই হবে।’ তিনি আরও অভিযোগ করেন, পরিকল্পিতভাবে আসন লুট করে ফল পরিবর্তনের চেষ্টা চলছে। এই বক্তব্য দেওয়ার পরপরই কড়া নিরাপত্তার মধ্যে তিনি কালীঘাটের নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন। তবে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর জয়ের খবর আসার মধ্য দিয়ে ভবানীপুরের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নিশ্চিত হয়।
ডিবিসি/এফএইচআর