ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তার দেশ আঞ্চলিক শান্তি বজায় রাখতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি স্পষ্টভাবে শর্ত জুড়ে দিয়েছেন যে, ভবিষ্যতে আর কোনো হামলা হবে না আন্তর্জাতিক সম্প্রদায় থেকে এমন নিশ্চয়তা পাওয়া গেলেই কেবল চলমান এই যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে। পাশাপাশি তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য ইরানের বৈধ অধিকারের স্বীকৃতির ওপর জোর দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, চলমান সংঘাত নিয়ে তিনি ইতিমধ্যে রাশিয়া ও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি দৃঢ়ভাবে দাবি করেন, এই ভয়াবহ সংঘাতের সূত্রপাত করেছে মূলত যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসকগোষ্ঠী। যেকোনো ধরনের সমাধানের ক্ষেত্রে অবশ্যই ইরানের অধিকারের পূর্ণ স্বীকৃতি, যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে হামলার পুনরাবৃত্তি রোধে আন্তর্জাতিক নিশ্চয়তার শর্তগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে বলে তিনি উল্লেখ করেন।
পেজেশকিয়ানের এই বক্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন সংঘাত নিরসনে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাশিয়া ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছে এবং দ্রুত এই লড়াই বন্ধের আহ্বান জানাচ্ছে।
তবে এই কূটনৈতিক প্রচেষ্টার মাঝেই ইরানের অভ্যন্তরে হামলার ঘটনা অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্সে দেওয়া এক বার্তায় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, তাদের জাতীয় অবকাঠামো মারাত্মকভাবে আক্রমণের শিকার হচ্ছে। তিনি জানান, দেশের পুরোনো একটি ব্যাংকের শাখায় বোমা হামলা চালানো হয়েছে এবং মর্মান্তিক বিষয় হলো, হামলার সময় ব্যাংকটিতে অসংখ্য কর্মী উপস্থিত ছিলেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল
ডিবিসি/পিআরএএন