বাংলাদেশ

ভাইয়ের বিয়ের কেনাকাটায় গিয়ে ওমান প্রবাসী ৪ ভাইয়ের মৃত্যু

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ওমানের মুলাদ্দাহ এলাকায় একটি প্রাইভেট কারের ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (১৩ মে) রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত চার ভাই হলেন মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ সাহেদ, মুহাম্মদ সিরাজ ও মুহাম্মদ শহিদ। তাঁরা রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজার পাড়া এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের আগামীকাল শুক্রবার দেশে ফেরার কথা ছিল। ভাইয়ের বিয়ের কেনাকাটার জন্য তাঁরা চারজন একটি গাড়ি নিয়ে বের হয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার কারণে নিশ্বাস বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে।

 

চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মো. ইয়াসিন চৌধুরী জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় ওই চার ভাই বারকা এলাকায় ছিলেন এবং সেখান থেকে মুলাদ্দাহর দিকে রওনা হন। রাত আটটার দিকে চারজনের একজন তাঁদের এক স্বজনকে ভয়েস মেসেজ পাঠিয়ে জানিয়েছিলেন যে তাঁরা ভীষণ অসুস্থ বোধ করছেন এবং গাড়ি থেকে বের হতে পারছেন না। সেই সঙ্গে তিনি তাঁদের অবস্থানও শেয়ার করেন। 

 

পরবর্তীতে মুলাদ্দাহ এলাকার একটি ক্লিনিকের সামনে পার্ক করা গাড়ির ভেতরে তাঁদের অচেতন অবস্থায় দেখে পুলিশে খবর দেন স্থানীয় দুজন প্রবাসী। পুলিশ এসে গাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অসুস্থ বোধ করায় তাঁরা চিকিৎসার জন্য ক্লিনিকের সামনে গিয়েছিলেন।

 

বর্তমানে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। চার ভাইয়ের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তাঁদের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা বিষয়টি খতিয়ে দেখছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন