তিন মাস আগে যে পুকুরে ডুবে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছিল, এবার একই পুকুরে ডুবে প্রাণ হারালেন ২৪ বছর বয়সী শচীন রাওয়াল। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের মেহসানা জেলার নিকটবর্তী নুগার গ্রামে। অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের দুই তরুণের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন শচীন প্রকৃতির ডাকে সাড়া দিতে গ্রামের পুকুরের ধারে গিয়েছিলেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি গভীর পানিতে পড়ে যান। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল ও স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেন। দীর্ঘ সময়ের চেষ্টার পর পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, শচীন সকালে মোটাপ এলাকায় তাঁর কর্মস্থলে গিয়েছিলেন। বেতন পাওয়ার পর ব্যাংকের পাসবুক আনতে কিছু সময়ের জন্য বাড়িতে ফেরেন। পরে তিনি গ্রামের ওই পুকুরের দিকে যান। সেখানেই পা পিছলে গভীর পানিতে পড়ে যান তিনি। পুকুরটি অত্যন্ত গভীর হওয়ায় উপস্থিত লোকজন ও উদ্ধারকারীরা তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারেননি।
এই ঘটনায় পরিবারটি দ্বিতীয়বারের মতো ভয়াবহ শোকের মুখে পড়ল। মাত্র তিন মাস আগে একই পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মারা গিয়েছিলেন শচীনের ভাই। অল্প সময়ের ব্যবধানে একই জলাশয়ে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মধ্যেও গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এর আগেই তাঁদের বাবা মারা গিয়েছিলেন। ফলে পরপর দুই ছেলেকে হারিয়ে পরিবারের মা এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছেন। পরিবারে বর্তমানে মা ও এক ছোট ছেলে রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয় পুলিশ ও দমকল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এমএনকে