ভারতের হরিয়ানার পানিপথে ভাঙা পায়ের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়া এক নারীর হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় চিকিৎসায় অবহেলা ও প্রতারণার অভিযোগে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
জানা যায়, গত ২৪ জুলাই সড়ক দুর্ঘটনায় পায়ের হাড় ভেঙে যাওয়ায় গুড্ডি দেবী নামের ওই নারীকে পানিপথের একটি বেসরকারি পার্ক হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের ছেলে কুলদীপের অভিযোগ, হাড়ের চিকিৎসার জন্য ভর্তি করানো হলেও পরিবারের কোনো অনুমতি ছাড়াই চিকিৎসকেরা তার মায়ের হৃদযন্ত্রে স্টেন্ট বসান। এমনকি হাসপাতালে ভর্তির পরদিন তাদের এই অস্ত্রোপচারের কথা জানানো হয় এবং সম্মতিপত্রে পরিবারের সদস্যদের সই জালিয়াতি করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
পরিবারের সদস্যদের জোরালো দাবি, চিকিৎসকদের চরম অবহেলা, প্রতারণা এবং অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের কারণেই গুড্ডি দেবীর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে উল্টো তাদের ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ পরিবারের। এই ঘটনার পর পানিপথের সেক্টর-২৯ থানা পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, এসব অভিযোগের বিষয়ে পার্ক হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্বপ্না তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে পরবর্তীতে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকেও এই ঘটনা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
সূত্র: ইন্ডিয়া টুডে
ডিবিসি/এফএইচআর