ভাতিজার বিয়েতে লাখ লাখ টাকা ওড়ালেন সাবেক পঞ্চায়েত (গ্রাম) প্রধান।
ভাতিজার বিয়ের অনুষ্ঠানকে আরও জাঁকজমক করতে বাড়ির ছাদ থেকে টাকা উড়িয়ে দেন তিনি। এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে গুজরাটের মেহসানা জেলা থেকে। খবর আনন্দবাজার।
সেই ভিডিও দেখে মনে হচ্ছিল যেন টাকার বৃষ্টি হচ্ছে। আর নিচে সেই টাকা কুড়ানোর জন্য হুড়োহুড়ি চলছে।
মেহসানা জেলার আগোল গ্রামের সাবেক পঞ্চায়েত (গ্রাম) প্রধান করিম যাদব। স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৬ ফেব্রুয়ারি করিমের ভাতিজা রাজ্জাকের বিয়ে ছিল। বেশ জাঁকজমকভাবে সেই বিয়ের অনুষ্ঠান করেন চাচা করিম যাদব। অনুষ্ঠানের দ্বিতীয় দিন গ্রামে বিয়ের শোভাযাত্রা বের করেছিলেন করিম। তারপর তিনি এবং পরিবারের কয়েকজন বাড়ির ছাদে ওঠে যান। সেখান থেকে ১০, ২০০ এবং ৫০০ টাকার নোট ওড়াতে শুরু করেন। স্থানীয়দের দাবি, কয়েক লাখ টাকা উড়িয়েছেন করিম।
যখন ছাদ থেকে টাকা পড়ছিল, নিচে অনেক লোক সেই টাকা কুড়াতে হুড়োহুড়ি করছিলেন। প্রত্যক্ষদর্শীর দাবি, টাকা কুড়াতে গিয়ে অনেক মানুষের পদপিষ্টের মতো অবস্থা হয়েছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতে অনেকেই অবাক হয়েছেন। কিন্তু গুজরাটে নাকি এমন ঘটনা খুব একটা অস্বাভাবিক নয়। বিয়ের অনুষ্ঠানে টাকা ওড়ানো থেকে শুরু করে গহনা বিলিয়ে দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসে মাঝেমধ্যেই। গত কয়েক বছর আগেও একটি বিয়ের অনুষ্ঠানে ৫০ লাখ টাকা ওড়ানো হয়েছিল।