জেলার সংবাদ

ভারতীয় এলসিতে টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতীয় এলসির (লেটার অব ক্রেডিট) মাধ্যমে টমেটো আমদানি সাময়িকভাবে বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ করেছেন স্থানীয় টমেটো ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা রাস্তায় টমেটো ফেলে তাদের অভিনব প্রতিবাদ জানান।

বিক্ষোভ চলাকালে ব্যবসায়ীরা জানান, চলতি মৌসুমের শেষ দিকে এসে স্থানীয় কৃষকদের কাছ থেকে তারা তুলনামূলক বেশি দামে কাঁচা টমেটো সংগ্রহ করেছেন। বিপুল পরিমাণ অর্থের কেনা এসব টমেটোর একটি বড় অংশ এখনও বাজারজাত করা সম্ভব হয়নি। এমতাবস্থায় ভারত থেকে এলসির মাধ্যমে টমেটো আমদানি করা হলে স্থানীয় বাজারে সরবরাহ ব্যাপকভাবে বেড়ে যাবে। এতে টমেটোর দাম অস্বাভাবিক হারে কমে যাওয়ার তীব্র আশঙ্কা রয়েছে, যার ফলে দেশীয় কৃষক ও ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।


এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন শাহিনুর রহমান, রিজু প্রামাণিক, রাজু আহম্মেদ, আবুল খায়ের, রাসেল আহম্মেদ, বাদশা, রফিজুল, ইঞ্জিনিয়ার, জাহেদুল, লতিফুল এবং চান মোল্লাসহ স্থানীয় টমেটো ব্যবসায়ীরা। বিক্ষোভ শেষে দেশীয় কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে ভারতীয় এলসিতে টমেটো আমদানি সাময়িকভাবে বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভকারীরা পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিনের হাতে আনুষ্ঠানিকবাবে এই স্মারকলিপি তুলে দেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন