আন্তর্জাতিক, আমেরিকা, ভারত

ভারতীয় পণ্য আমদানির ওপর মার্কিন শুল্ক কমে হতে পারে ১৫-১৬ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২২শে অক্টোবর ২০২৫ ০৬:২৫:৫৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি দীর্ঘ-প্রতীক্ষিত বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে, যার ফলে ভারতীয় আমদানির উপর মার্কিন শুল্ক ৫০% থেকে কমে ১৫% থেকে ১৬% হতে পারে। বুধবার (২২শে অক্টোবর) ভারতের মিন্ট পত্রিকা সূত্রের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি ও কৃষি খাত নির্ভর এই চুক্তির ফলে ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি কমিয়ে আনতে পারে।

 

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন, যেখানে মূলত বাণিজ্য নিয়েই আলোচনা হয়েছে। ট্রাম্প জানান, তাদের আলোচনায় জ্বালানির বিষয়টিও ছিল এবং মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা সীমিত করবে।

 

মোদিও নিশ্চিত করেছেন যে দুই নেতার মধ্যে কথা হয়েছে, তবে কী আলোচনা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাননি।

 

আলোচনার অংশ হিসেবে, ভারত যুক্তরাষ্ট্র থেকে নন-জেনেটিক্যালি মডিফায়েড (নন-জিএম) ভুট্টা এবং সয়াবিন খৈল আমদানি বাড়ানোর অনুমতি দিতে পারে। মিন্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই চুক্তিতে পর্যায়ক্রমে শুল্ক এবং বাজারে প্রবেশাধিকার পর্যালোচনার একটি ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকতে পারে।

 

চলতি মাসে আসিয়ান শীর্ষ সম্মেলনে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার ঘোষণা আসতে পারে বলে মিন্ট জানিয়েছে।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন