আন্তর্জাতিক, ভারত

ভারতীয়দের জন্য পুনরায় ভিসা কার্যক্রম চালু করল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন ও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণের পরপরই ভারতের নাগরিকদের জন্য পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা পুনরায় চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে পর্যটন ও চিকিৎসা ভিসাসহ সব ক্যাটাগরির আবেদন গ্রহণ শুরু হয়েছে।

এর আগে গত ডিসেম্বর থেকে ভারতীয়দের জন্য ভিসা প্রদানের ক্ষেত্রে আংশিক স্থগিতাদেশ জারি ছিল।


২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেই স্থবিরতা আরও বৃদ্ধি পায়। বিশেষ করে গত ডিসেম্বরে যুবনেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং পরবর্তী সহিংসতাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। তবে সাম্প্রতিক নির্বাচনে জয়লাভের পর বিএনপি নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সেই তিক্ততা কাটিয়ে ওঠার আভাস পাওয়া যাচ্ছে।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদন অনুযায়ী, তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নের স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির শীর্ষ নেতৃত্ব বাংলাদেশের অর্থনৈতিক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভারতের গুরুত্ব অনুধাবন করেই দ্রুত এই সিদ্ধান্ত নিয়েছে।


অন্যদিকে ভারতও এই উদ্যোগের পাল্টা সাড়া দিচ্ছে। সিলেটে নিযুক্ত ভারতের জ্যেষ্ঠ কনস্যুলার কর্মকর্তা অনিরুদ্ধ দাস জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক হবে। বর্তমানে চিকিৎসা ও ‘ডাবল এন্ট্রি’ ভিসা চালু থাকলেও অন্যান্য ক্যাটাগরিও দ্রুত চালুর প্রস্তুতি চলছে।


তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা উপস্থিত ছিলেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে নতুন প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন