ভারতের অন্ধ্রপ্রদেশে লরির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জন যাত্রীর প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজ্যের মার্কাপুরম জেলায় ঘটা এ দুর্ঘটনায় আরও অন্তত ২৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তেলেঙ্গানার নির্মল থেকে অন্ধ্রপ্রদেশের নেল্লোরের উদ্দেশে যাচ্ছিল বাসটি। মার্কাপুরমের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, যাত্রীদের অনেকেই বাস থেকে দ্রুত নামার সুযোগ পাননি। জানালার কাচ ভেঙে বেশ কয়েকজন যাত্রী প্রাণে বাঁচতে পারলেও ভেতরে আটকে পড়ে আগুনে ঝলসে মারা যান হতভাগ্য ওই ১৪ জন।
এ ভয়াবহ দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। তিনি জেলা প্রশাসনকে সার্বিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখার পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে, ঠিক কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা উদ্ঘাটনে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশে বাসে আগুন লেগে এমন প্রাণহানির ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গত বছরের অক্টোবরেও হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী ৪০ জন যাত্রী বোঝাই একটি বাসে একই রকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে গেলে অন্তত ২০ জন যাত্রী পুড়ে মারা যান।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
ডিবিসি/এএমটি