খেলাধুলা, ক্রিকেট

ভারতের কাছে বড় হারে সুপার এইটের সমীকরণে চাপে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ অনিশ্চয়তা ও বয়কটের গুঞ্জন কাটিয়ে গতকাল রোববার কলম্বোয় মাঠে গড়িয়েছিল বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু হাইভোল্টেজ এই ম্যাচে ভারতের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠার সমীকরণে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে এই একপেশে হারের ফলে পয়েন্ট টেবিলে দুই নম্বর অবস্থান হারিয়েছে তারা।

‘এ’ গ্রুপে তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ খেলে ফেলা যুক্তরাষ্ট্র ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। পাকিস্তান তিন ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে (-০.৪০৩) তৃতীয় স্থানে নেমে গেছে। যুক্তরাষ্ট্রের নেট রান রেট (০.৭৮৮) তাদের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। মূলত ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের কারণেই পাকিস্তানের রান রেট পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে।

 

আগামী বুধবার নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। সুপার এইটে যেতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে। নামিবিয়ার বিপক্ষে জিতলে পাকিস্তানের পয়েন্ট হবে ৬, যা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। কিন্তু হেরে গেলে যুক্তরাষ্ট্রের সমান ৪ পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে পাকিস্তান।

 

তবে প্রকৃতির সহায়তায়ও কপাল খুলতে পারে পাকিস্তানের। বুধবারের ম্যাচটি যদি বৃষ্টিতে ভেসে যায়, তবে পয়েন্ট ভাগাভাগিতে পাকিস্তানের মোট পয়েন্ট হবে ৫। সেক্ষেত্রে ৪ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করা যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে সুপার এইটের টিকিট পাবে পাকিস্তান।

 

আরও পড়ুন