ভারতের কাছে ৪২ কোটি ৮২ লাখ ডলারের সমরাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কাছ থেকে মূলত দুই ধরনের সমরাস্ত্র কিনছে ভারত, এইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার এবং এম-৭৭৭ এ২ আলট্রা-লাইট হাউইৎজার ক্ষেপণাস্ত্র। এই সমরাস্ত্রগুলো দুটি পৃথক চালানে ভারতে পাঠানো হবে। মোট বাজেটের অর্ধেকেরও বেশি, অর্থাৎ ২৩ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে এম-৭৭৭ এ২ আলট্রা-লাইট হাউইৎজার ক্ষেপণাস্ত্র এবং এর আনুষাঙ্গিক উপাদান, স্পেয়ার, মেরামত, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, ফিল্ড সার্ভিস, ডিপো সক্ষমতা ও লজিস্টিক-প্রোগ্রাম সাপোর্টের জন্য। বাকি ১৯ কোটি ৮২ লাখ ডলারের সমপরিমাণ অর্থ দিয়ে কেনা হচ্ছে অ্যাপাচে হেলিকপ্টার। তবে ভারত ঠিক কতটি হেলিকপ্টার কিনছে, তা মার্কিন বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে ঐতিহাসিকভাবে ভারত সামরিক সরঞ্জামের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল এবং নিজেদের অধিকাংশ সমরাস্ত্র রাশিয়ার কাছ থেকেই কিনে আসছে। তবে ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে মার্কিন ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমরাস্ত্র কিনতে ভারতকে চাপ দেওয়া শুরু করেন। মূলত সেই চাপের জেরেই এবার যুক্তরাষ্ট্রের কাছে এই অস্ত্রের ফরমায়েশ দিয়েছে ভারত।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রস্তাবিত বিক্রয় মার্কিন-ভারত কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে। একইসঙ্গে একটি প্রধান প্রতিরক্ষা অংশীদারের নিরাপত্তা উন্নত করার মাধ্যমে তা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যকে সমর্থন করবে। ইন্দো-প্যাসিফিক এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি ও অর্থনৈতিক অগ্রগতির জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করে চলেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এফএইচআর