আন্তর্জাতিক, ভারত

ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, রোগী ও ক্রুসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের চাতরা জেলার সিমারিয়া এলাকায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সাতজনেরই মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রেডবার্ড এয়ারওয়েজ পরিচালিত এই বিমানটি রাঁচি বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ১১ মিনিটে উড্ডয়ন করেছিল। চাতরার ডেপুটি কমিশনার কীর্তিশ্রী জি জানান, উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি নিখোঁজ হয় এবং পরে ঘন জঙ্গলবেষ্টিত বাড়িয়াতু পঞ্চায়েত এলাকায় বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়।

 

মহকুমা পুলিশ কর্মকর্তা শুভম খান্ডেলওয়াল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে সাতজনেরই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন ক্যাপ্টেন বিবেক বিকাশ ভগত, ক্যাপ্টেন সবরাজদীপ সিং, রোগী সঞ্জয় কুমার, ডা. বিকাশ কুমার গুপ্তা, শচীন কুমার মিশ্র, অর্চনা দেবী এবং ধুরু কুমার। 

 

রাঁচির দেবকমল হাসপাতালের সিইও অনন্ত সিনহা জানান, ৬৫ শতাংশ পোড়া ক্ষত নিয়ে চিকিৎসাধীন সঞ্জয় কুমারকে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে স্থানান্তর করা হচ্ছিল। রোগীর স্বজনরা জানান, রোগীর অবস্থা এতটাই গুরুতর ছিল যে চিকিৎসকদের পরামর্শে সড়কপথের ঝুঁকি এড়িয়ে তাকে বিমানে নেয়ার সিদ্ধান্ত হয়েছিল।

 

স্থানীয় বাসিন্দাদের মতে, দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রচণ্ড ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টিপাত হচ্ছিল। রাঁচি বিমানবন্দরের পরিচালক বিনোদ কুমার জানান, উড্ডয়নের প্রায় ২০ মিনিট পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খারাপ আবহাওয়া দুর্ঘটনার একটি কারণ হতে পারে বলে তিনি উল্লেখ করলেও, পূর্ণাঙ্গ তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন। 

 

দুর্ঘটনার পর জেলা প্রশাসনের তল্লাশি ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়া এই ঘটনা তদন্তে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর (এএআইবি) একটি দলকে পাঠানো হচ্ছে। 

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন