আন্তর্জাতিক, ভারত

ভারতের বিহারে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় বিয়েবাড়িতে সংঘর্ষে আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিয়েবাড়ির আনন্দঘন পরিবেশ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে! মেন্যুতে খাসির মাংসের বদলে মুরগির মাংস পরিবেশন করা নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে বেধে গেল তুমুল সংঘর্ষ। কিল-ঘুষি, লাঠিসোঁটা থেকে শুরু করে চলল তলোয়ারের কোপ। ভয়াবহ এই মারামারিতে উভয় পক্ষের অন্তত ১২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে।

ভারতীয় সংবাদমাধ্যম আজ তাক ও ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিহারের একটি এলাকায় মোহাম্মদ আবদুল্লাহ ওরফে চাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। বিয়ের মূল পর্ব শান্তিপূর্ণভাবে শেষ হলেও, বিপত্তি বাধে অতিথিদের খাবার পরিবেশনের সময়।

 

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, বরপক্ষের দাবি ছিল, বিয়ের আগে কথা হয়েছিল মেন্যুতে খাসির মাংস রাখা হবে। কিন্তু খাবার পরিবেশনের সময় অতিথিদের থালায় খাসির বদলে দেওয়া হয় মুরগির মাংস। প্রতিশ্রুতি ভঙ্গের এই অভিযোগ তুলে বরপক্ষের কয়েকজন প্রথমে কনেপক্ষের লোকজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মেজাজ হারিয়ে ফেলেন উভয় পক্ষের লোকজন। মুহূর্তের মধ্যেই সেই বাগ্‌বিতণ্ডা হাতাহাতি এবং পরে ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বিয়ের আসরে রীতিমতো লঙ্কাকাণ্ড চলছে। পরিস্থিতি বেগতিক দেখে কনেপক্ষের কিছু মানুষ লাঠিসোঁটা নিয়ে বরপক্ষের অতিথিদের ওপর চড়াও হন। অতিথিরা একে অপরের দিকে চেয়ার ও প্লেট ছুড়ছেন। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, কয়েকজনকে খোলা তলোয়ার উঁচিয়েও তাণ্ডব চালাতে দেখা যায়।

 

মারামারির খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষে গুরুতর জখম হওয়া অন্তত ১২ জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় পুলিশ ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সামান্য মাংস নিয়ে এমন ভয়াবহ সহিংসতার পেছনে অন্য কোনো পূর্বশত্রুতা লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

 

ডিবিসি/এমকেএ

আরও পড়ুন