বিবিধ, বিজ্ঞান ও প্রযুক্তি

যেভাবে ভারতে কম্পিউটার এল

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

বুধবার ২১শে ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৩৭:২৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১৯৪৭ সালে স্বাধীনতার পর ভারতে প্রথম কম্পিউটার আসে ১৯৫৬ সালের ফেব্রুয়ারি মাসে। এটি ছিল মূলত যুক্তরাজ্যের তৈরি এইচইসি-২এম মডেলের একটি কম্পিউটার। যা ভারতের তৎকালীন সরকার দেশে কম্পিউটার গবেষণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুধাবন করে ১৯৫৪ সালে ব্রিটিশ ট্যাবুলেটিং মেশিন কোম্পানির (বিটিএম) কাছে অর্ডার করে।

একই সালে এই কম্পিউটারটি পরিচালনার উচ্চতর প্রশিক্ষণের জন্য ভারত থেকে দুইজন মেধাবী গবেষক মনিমোহন মুখার্জি এবং অমরেশ রায় যুক্তরাজ্যের লেচওয়ার্থে ব্রিটিশ ট্যাবুলেটিং মেশিন (বিটিএম) কার্যালয়ে যান। তারা যথা সময়ে সফলতার সাথে প্রশিক্ষণ শেষ করেন এবং তার পাশাপাশি ইউরোপের বিভিন্ন কম্পিউটিং মেশিন ল্যাবরেটরি পরিদর্শন করে ১৯৫৬ সালের প্রথম দিকে ভারতে প্রত্যাবর্তন করেন।

পরবর্তীতে ১৯৫৬ সালে কম্পিউটারটি ভারতে আনা হলে পশ্চিমবঙ্গের কোলকাতা শহরে ‘ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউশনে স্থাপন করা হয়। আসলে হলেরিথ ইলেক্ট্রনিক কম্পিউটার (এইচইসি) বা এইচইসি-২এম মডেলের কম্পিউটারটি তৈরি করে ব্রিটিশ ট্যাবুলেটিং মেশিন কোম্পানি (বিটিএম)। এটি লন্ডনের বার্কবেক কলেজের অধ্যাপক অ্যান্ড্রু বুথের একটি ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। যার প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় আজ থেকে ৭৩ বছর আগে ১৯৫১ সালে।

লেখক: সিরাজুর রহমান, সহকারী শিক্ষক ও লেখক, সিংড়া, নাটোর, বাংলাদেশ।

আরও পড়ুন