ভারতের মধ্যপ্রদেশে রাজ্য সরকার এবং কৃষক প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ আলোচনার পরেও অশান্তি এড়ানো গেল না। সংযুক্ত কিষাণ মোর্চার নেতাদের সঙ্গে সরকারের তিন ঘণ্টার বৈঠক শেষ হওয়ার পরপরই রাজধানী ভোপালে পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষের ঘটনা ঘটে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, কৃষকদের একটি মিছিল সামনের দিকে এগোতে চাইলে পুলিশ তাতে বাধা দেয় এবং তখনই দু'পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কর্মকর্তারা লাউডস্পিকারের মাধ্যমে বারবার আন্দোলনকারীদের শান্ত থাকার আবেদন জানান।
অন্যদিকে, দেশের রাজনৈতিক মহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী নেতারা। বুধবার মহারাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে মন্তব্য করেন, প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং একজন 'ইনফ্লুয়েন্সার' হিসেবেই মোদী বেশি ভালো কাজ করছেন। ইনস্টাগ্রামে যুবকদের উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভিডিওগুলোর সমালোচনা করে তিনি বলেন, মোদীর উচিত প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে পুরোপুরি ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া এবং অন্য কাউকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া।
প্রধানমন্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড নিয়ে একই সুর শোনা গিয়েছে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর গলাতেও। গত মঙ্গলবার তিনি মোদীর ইনস্টাগ্রাম ভিডিওর প্রসঙ্গ টেনে বলেন, কেবল ক্যামেরার নতুন নতুন অ্যাঙ্গেল থেকে ভিডিও করলেই জেন-জি (Gen-Z) বা নতুন প্রজন্মের ভোট পাওয়া যাবে না, এর জন্য প্রধানমন্ত্রীকে তাঁর হৃদয়ের অ্যাঙ্গেল বদলাতে হবে।
সূত্র: ইন্ডিয়া টুডে
ডিবিসি/পিআরএএন