ভারতের মুম্বাই বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুটি যাত্রীবাহী বিমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিমানবন্দরে রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় বিমান দুটির ডানার মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে স্বস্তির খবর হলো, এতে কোনো যাত্রী বা ক্রু হতাহত হননি।
ভারতের এভিয়েশন রেগুলেটর ডিজিসিএ এক বিবৃতিতে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট বিমান দুটি হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 2732 এবং ইন্ডিগোর ফ্লাইট 6E 791। উভয় এয়ারলাইন কর্তৃপক্ষই ঘটনার দায় স্বীকার করেছে। দুর্ঘটনায় কবলিত দুটি বিমানই ন্যারো-বডি এয়ারবাস A320 মডেলের।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, এয়ার ইন্ডিয়ার বিমানটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। বিমানটি রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় এই বিপত্তি ঘটে। ঠিক একই সময়ে ইন্ডিগোর বিমানটি হায়দ্রাবাদ থেকে এসে অবতরণের পর নির্দিষ্ট স্থানের দিকে যাচ্ছিল। তখনই বিমান দুটির ডানার প্রান্তভাগ একে অপরের সাথে ঘষা খায়। এতে উভয় বিমানের ধাতব অংশে কিছুটা ক্ষতি হয়।
দুর্ঘটনার পরপরই উড্ডয়ন বাতিল করে বিমান দুটিকে পরিদর্শনের জন্য ফিরিয়ে আনা হয়।
ইন্ডিগোর এক মুখপাত্র জানিয়েছেন, ‘সকল যাত্রী নিরাপদ আছেন এবং বিমান পার্ক করার পর তাদের নামিয়ে আনা হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বিমানটি বর্তমানে রক্ষণাবেক্ষণ পরিদর্শনের অধীনে রয়েছে।’
অন্যদিকে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় তাদের বিমানের ডানার প্রান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এয়ারলাইন্সটির মুখপাত্র বলেন, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কারিগরি পরীক্ষার জন্য বিমানটিকে গ্রাউন্ডেড (উড্ডয়ন স্থগিত) করা হয়েছে। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে এবং তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এনএসএফ