আন্তর্জাতিক, ভারত

ভারতের ১৫ বছর ধরে শুধু পুলিশের বাড়িতেই চুরি করা ব্যক্তি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১৫ বছর আগে পুলিশের হাতে মার খাওয়ার অপমানের জ্বালা মেটাতে শুধুমাত্র পুলিশ কর্মীদের বাড়িতেই চুরি করা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের মধ্যপ্রদেশের খাণ্ডোয়া জেলা পুলিশ। জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম দীপেশ এবং আলিরাজপুর জেলার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গত ২০ জানুয়ারি খাণ্ডোয়ার পুলিশ লাইনে কনস্টেবল করণপাল সিং এবং সুরেশ খাটের বাড়িতে চুরি করে দীপেশ। ওই রাতে কয়েক লাখ টাকার গয়না ও নগদ লুট করে সে পালিয়ে গিয়েছিল। 

 

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্তকারীরা তাকে শনাক্ত করতে সক্ষম হন। প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে জানতে পারেন সে বুরহানপুরের দিকে যাচ্ছে। পুলিশ যখন তাকে ধরার চেষ্টা করে, তখন অভিযুক্ত একটি বাড়ির ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে গুরুতর আহত হয়। তার হাত ও পা ভেঙে যাওয়ায় বর্তমানে সে চিকিৎসাধীন এবং আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

 

তদন্তকারীদের কাছে দীপেশ স্বীকার করেছে, প্রায় ১৫ বছর আগে আলিরাজপুরে এক পুলিশ কর্মী তাকে মারধর করেছিলেন। সেই ঘটনার পর থেকেই পুলিশের প্রতি চরম ক্ষোভ থেকে সে শুধুমাত্র পুলিশ আবাসন বা পুলিশ কর্মীদের বাড়িতেই চুরি শুরু করে।

 

স্টেশন হাউস অফিসার প্রবীণ আর্য জানিয়েছেন, দীপেশ অত্যন্ত চতুরতার সাথে কাজ করত। চুরির আগে সে পুলিশ লাইনের আশেপাশে রাস্তার হকার বা বিক্রেতা সেজে ঘুরে বেড়াত এবং কোন বাড়িতে হানা দেওয়া সহজ হবে তা রেকি করত।

 

ধৃতের কাছ থেকে বর্তমানে ৩০ হাজার টাকা নগদ ও কিছু গয়না উদ্ধার করা হয়েছে। তবে তার দুই সহযোগী রমেশ এবং ভুরালিয়া এখনও পলাতক রয়েছে, যাদের সন্ধানে ঝাবুয়া, আলিরাজপুর এবং ধর জেলা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। 

 

তথ্যসূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন